১৭ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: উ. কোরিয়া

আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া।

বার্তা সংস্থা আবনা : আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের বৈরী নীতির কারণে আলোচনায় বসতে অস্বীকার করেছে দেশটি।

আজ(বুধবার) পিয়ংইয়ংয়ের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অপর পক্ষ যখন পারমাণবিক ছড়ি ঘোরাচ্ছে তখন উত্তর কোরিয়া অপমানজনক আলোচনার টেবিলে ফিরে যেতে পারে না।

এর আগে, জাপান সফরের মধ্য দিয়ে চারদিনের পূর্ব এশিয়া সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার টোকিওতে ঘোষণা করেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। এ জন্য আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছে তা উত্তর কোরিয়াকে পালন করতে হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি। তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ পরিষ্কার ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করল পিয়ংইয়ং।

গত কয়েকদিন ধরে কোরীয় উপদ্বীপে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি, কোরিয়ার আকাশে মার্কিন বি-৫২ এবং পরমাণু বোমা বহনে সক্ষম বি-২ স্টিলথ জঙ্গিবিমান ওড়ানোর পর আমেরিকা ও কোরিয়াকে সতর্ক করে দেয় উত্তর কোরিয়া। এরপর থেকেই ওই অঞ্চলে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে জাপানও এ বিতর্কে পড়ে। ফলে উত্তর কোরিয়া এখন দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাশাপাশি জাপানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিচ্ছে। এরইমধ্যে পিয়ংইয়ং জাপান সাগরের উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।